২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের ৬ মাসের কারাদণ্ড

মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের কাপিত ম্যাজিস্ট্রেট আদালত এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে সহকর্মীকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার দায়ে মোট ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) আদালত সূত্রে জানা যায়, ৩১ বছর বয়সী শ্রমিক জামান গত ২৪ মে কাপিত এলাকার একটি জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের ক্যাম্পে এক স্বদেশি সহকর্মীর ওপর হামলা চালান এবং তাকে প্রাণনাশের হুমকি দেন। পরে ম্যাজিস্ট্রেট রোমারিও জোনইয়ের আদালতে তিনি নিজের অপরাধ স্বীকার করেন।

আদালত দুটি পৃথক অভিযোগে তাকে তিন মাস করে মোট ছয় মাসের কারাদণ্ড দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ঘটনার দিন রাত প্রায় ৯টা ১২ মিনিটে প্রকল্প ক্যাম্পে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে জামান ভুক্তভোগীর ডান চোখে ঘুষি মারেন, এতে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে তিনি প্রকাশ্যে হত্যার হুমকি দেন, যা ঘটনাস্থলে উপস্থিত আরেক শ্রমিক শুনতে পান।

তদন্তে জানা গেছে, কাজে অনিয়ম ও মদ্যপানকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ অনুযায়ী, জামান নিয়মিত মদ্যপান করতেন এবং কাজে অবহেলা করতেন। এ বিষয়ে সহকর্মী তাকে সতর্ক করলে তিনি ক্ষিপ্ত হয়ে হামলা চালান।

মামলায় রাষ্ট্রপক্ষের পক্ষে প্রসিকিউটিং অফিসার এএসপি চ্যাং কোক সিয়ং শুনানি পরিচালনা করেন। তবে অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

Home R3