১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন

মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে আইন পাস করেছে লেবাননের পার্লামেন্ট। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে মৃত্যুদণ্ড বিলোপের ঐতিহাসিক সিদ্ধান্ত নিল দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) লেবানন পার্লামেন্টের স্পিকারের কার্যালয় জানায়, বেশ কিছু সংশোধনী আনার পর আইনপ্রণেতারা বিলটিতে অনুমোদন দেন। ১২৮ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্য মৃত্যুদণ্ড বাতিলের পক্ষে রায় দিলেও হিজবুল্লাহর সংসদীয় ব্লকের সদস্যরা এর তীব্র বিরোধিতা করেন। পাস হওয়া নতুন আইনে মৃত্যুদণ্ডের পরিবর্তে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ড ও কঠোর শ্রমের বিধান প্রতিস্থাপন করা হয়েছে।

২০০৪ সালের জানুয়ারি থেকে লেবাননে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর অনানুষ্ঠানিক স্থগিতাদেশ থাকলেও দেশের আদালতগুলোতে নিয়মিতই মৃত্যুর রায় দেওয়া হতো। দেশটির আইন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ লেবাননের বিভিন্ন কারাগারে ৮৫ জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি অবস্থান করছিলেন।

এদিকে মৃত্যুদণ্ড বিলোপের এই সিদ্ধান্তটি এসেছে এমন এক সময়ে, যখন দেশটির পার্লামেন্টে ১৯৯০ সালের গৃহযুদ্ধের পর সবচেয়ে বড় ‘সাধারণ ক্ষমা আইন’ নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবিত এই আইন পাস হলে বেশ কিছু সহিংসতার আসামির সাজা কমতে পারে বা মুক্তি পেতে পারে। তবে হামলায় নিহত সেনাসদস্যদের স্বজনরা এই প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করছেন।

Home R3