১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশেষ শর্তে ফ্রান্সে ভিসামুক্ত প্রবেশের সুযোগ পাবেন ১৩ দেশের নাগরিক

ফ্রান্স সরকার ২০২৬ সাল থেকে তাদের দূরবর্তী ও সমুদ্রপারবর্তী অঞ্চলগুলোতে (ফরাসি উপনিবেশ) প্রবেশের জন্য নতুন ভিসা মওকুফ নীতির রূপরেখা প্রকাশ করেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মূল ভূখণ্ডের বাইরে হওয়ায় এসব অঞ্চলে ভ্রমণের জন্য আলাদা নিয়ম প্রযোজ্য হবে।

নীতিমালায় বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন (EU), ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল (EEA) এবং সুইজারল্যান্ডের নাগরিকরা স্বয়ংক্রিয়ভাবে ভিসা ছাড়াই এসব অঞ্চলে প্রবেশ করতে পারবেন। এছাড়া বিশ্বের ১৩টি নির্দিষ্ট দেশের নাগরিকদেরও শর্তসাপেক্ষে এই সুবিধা দেওয়া হয়েছে।

এই দেশগুলোর নাগরিকদের ক্ষেত্রে শর্ত হলো—তাদের পাসপোর্টে ফরাসি কনস্যুলার কর্তৃক ইস্যুকৃত ৬ মাস থেকে ৫ বছর মেয়াদি বৈধ মাল্টি-এন্ট্রি ভিসা থাকতে হবে। তালিকাভুক্ত দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া, বেলারুশ, বাহরাইন, ইন্দোনেশিয়া, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত।

তবে এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় দেশটির নাগরিকরা এ সুবিধা থেকে বঞ্চিত হবেন।

অন্যদিকে, শেনজেনভুক্ত কোনো দেশের বৈধ রেসিডেন্স পারমিটধারীরা অতিরিক্ত ভিসা ছাড়াই ফরাসি উপনিবেশগুলোতে প্রবেশ করতে পারবেন। এছাড়া ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ কার্ডধারী কর্মকর্তা এবং শেনজেনভুক্ত দেশের দীর্ঘমেয়াদী ভিসাধারীরাও এই সুবিধার আওতায় থাকবেন।

তবে ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব শর্ত পূরণ করলেও চূড়ান্ত প্রবেশাধিকার নির্ভর করবে সংশ্লিষ্ট অঞ্চলের নিজস্ব নিয়মের ওপর।

সূত্র: লেজিট ডট এনজি

Home R3