৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

বিনামূল্যে পর্যটক ভিসা চালু করলো ওমান

পর্যটন খাতকে আরও গতিশীল করতে বিদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত কিছু দেশের নাগরিকরা বিনামূল্যে ১৪ দিনের পর্যটক ভিসা পাবেন।

ওমানের বিদেশিদের আবাসন আইনের নির্বাহী বিধিমালায় সংশোধন এনে এ সুবিধা চালু করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশের মহাপরিদর্শক ও কাস্টমস প্রধান লেফটেন্যান্ট জেনারেল হাসান বিন মহসিন আল শারাইকি জারি করা সিদ্ধান্তের মাধ্যমে এটি কার্যকর হয়। সরকারি গেজেটে প্রকাশের পরদিন থেকেই নতুন বিধান কার্যকর হয়েছে।

সংশোধিত নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্তে নির্বাচিত দেশের নাগরিকদের এ ভিসা দেওয়া হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আবেদনকারীরা চাইলে এটি অন্য পর্যটক ভিসায় রূপান্তর করতে পারবেন, তবে সেক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ ও ফি পরিশোধ করতে হবে।

নতুন ভিসা শ্রেণিটি নির্বাহী বিধিমালার ১০ নম্বর অনুচ্ছেদে সংযোজন করা হয়েছে এবং এর ফি নির্ধারণ করা হয়েছে শূন্য ওমানি রিয়াল।

তবে কোন কোন দেশের নাগরিক এ সুবিধা পাবেন, সে তালিকা এখনও প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরে তা ঘোষণা করবে।

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ ও স্বল্পমেয়াদি ভ্রমণ বাড়াতেই ওমান এ উদ্যোগ নিয়েছে।

সূত্র: খালিজ টাইমস

Home R3