বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৬১টি শিশু। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলেও, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৮১৯টি শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৯টি শিশু। সব মিলিয়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯১৮টি শিশুর মৃত্যু হয়েছে।
হালনাগাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৯টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আরও এক হাজার দুই জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে নতুন করে ৯০৩টি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৯৬৭টি শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের সংগৃহীত তথ্য মতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৪৪ হাজার ৭৮০ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৮৯। এর মধ্যে এ পর্যন্ত এক লাখ ২৬ হাজার ২৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যাদের মধ্যে এক লাখ ২১ হাজার ৮৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।