১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশের বেশ কয়েকটি গার্মেন্টস পরিদর্শন করলেন আফগান উপমন্ত্রী

বাংলাদেশে একাধিক পোশাক কারখানা পরিদর্শন করেছেন আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা আহমদুল্লাহ জাহেদ।

শনিবার (২৪ জানুয়ারি) তিনি গার্মেন্টস পরিদর্শন করেন।

আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে আফগানিস্তানের তুলা রপ্তানি এবং দুই দেশের মধ্যে টেকসই বাণিজ্য সম্প্রসারণ নিয়ে সর্বাঙ্গীণ আলোচনা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, “বাংলাদেশের টেক্সটাইল উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতি আফগানিস্তান থেকে তুলা সংগ্রহের সম্ভাবনা এবং এ খাতে দীর্ঘমেয়াদি ও টেকসই বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার উদ্যোগে সন্তোষ ও গভীর আগ্রহ প্রকাশ করেছে।”

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মাওলানা আহমদুল্লাহ জাহেদ বলেন, “আফগানিস্তানে উৎপাদিত উচ্চমানের প্রাকৃতিক তুলা যথাযথ প্রক্রিয়াজাতকরণ ও মানোন্নয়নে বিনিয়োগের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাজারে একটি শক্ত ও স্বতন্ত্র অবস্থান তৈরি করতে পারে।”

এছাড়া তিনি বাংলাদেশি ব্যবসায়ী ও কারখানার মালিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা আফগান ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং যৌথ সহযোগিতার মাধ্যমে উভয় পক্ষের জন্য লাভজনক বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলেন।

সূত্র: আরটিএ