সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর এসেছে। এখন থেকে কোনো কারণে মূল নিয়োগকর্তা (কফিল) আকামা নবায়ন না করলে, দ্রুত অন্য নিয়োগকর্তার অধীনে আকামা নবায়ন করা যাবে বলে জানিয়েছে সৌদি সরকার।
মঙ্গলবার (৪ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌদি আরবের ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা ও ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ এম আলশামেরির সৌজন্য সাক্ষাতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে আল-ঈসা বলেন, মূল কফিল আকামা নবায়ন না করলে বাংলাদেশি কর্মীরা আইনগত বাধা ছাড়াই অন্য নিয়োগকর্তার অধীনে আকামা নবায়নের সুযোগ পাবেন।
এ সময় বাংলাদেশ গৃহকর্মী ও সাধারণ কর্মী নিয়োগ চুক্তির নবায়ন, যৌথ কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা, দক্ষ কর্মী নিয়োগ বৃদ্ধি, ওয়ার্ক পারমিট ও আকামা দ্রুত ইস্যু এবং নারী গৃহকর্মীদের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব তুলে ধরে।
জবাবে সৌদি প্রতিনিধি স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি ও হসপিটালিটি খাতে বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সৌদি কারাগারে আটক বাংলাদেশিদের তথ্য কূটনৈতিক মাধ্যমে পাঠানো হলে সাধারণ ক্ষমার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন।