২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয়

‘বাংলাদেশিদের ভারতের ভিসা প্রদানে শিগগিরই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে’

‘বাংলাদেশিদের ভারতের ভিসা প্রদানে শিগগিরই ইতিবাচক পরিবর্তন দেখা যাবে’

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রদানের ক্ষেত্রে শিগগিরই ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান-এর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি তার ভারত সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ সময় বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার আহ্বান জানানো হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আশা করা যাচ্ছে, শিগগিরই এ বিষয়ে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে।”

খলিলুর রহমান আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সর্বভৌম সমতা, ন্যায্যতা, পারস্পরিক সম্মান ও আস্থা এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে ভারত-এর সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।