১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের জন্য ‘ভিসা প্যাকেজ’ চালু করল সৌদি আরব

বাংলাদেশসহ সাত দেশের নাগরিকদের জন্য নতুন ‘ভিসা প্যাকেজ’ চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে ভ্রমণকারীরা আলাদা করে ভিসার আবেদন ছাড়াই সহজে ই-ভিসা পেতে পারবেন।

শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, প্রথম ধাপে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা পাবেন।

নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একসঙ্গে বিমান টিকিট, হোটেল বুকিং এবং ই-ভিসা সংগ্রহ করতে পারবেন। এজন্য অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে প্যাকেজ কিনতে হবে। প্যাকেজ বুকিংয়ের ৪৮ ঘণ্টার মধ্যে ই-ভিসা ইস্যু করা হবে এবং প্রয়োজনীয় সব নথি ই-মেইলে পাঠানো হবে।

বর্তমানে ‘রিজার্ভাল’ ও ‘আলমোসাফের’ নামের দুটি ট্রাভেল এজেন্সি এই সেবা দেওয়ার অনুমতি পেয়েছে।

এই ভিসার মেয়াদ হবে তিন মাস এবং এটি একবার প্রবেশের সুযোগ দেবে। ভ্রমণকারীরা সর্বনিম্ন ২ দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত সৌদি আরবে থাকতে পারবেন।

প্যাকেজের আওতায় যাওয়া-আসার বিমান টিকিট, কমপক্ষে চার তারকা মানের হোটেলে থাকা এবং ই-ভিসা অন্তর্ভুক্ত থাকবে। প্রথম দুই দিনের জন্য একজনের ন্যূনতম খরচ ধরা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিদিন অতিরিক্ত ১ হাজার রিয়াল যোগ হবে। এছাড়া ভিসা ও বিমা মিলিয়ে আলাদা ফি ৪০২.২১ রিয়াল নির্ধারণ করা হয়েছে।

তবে এই প্যাকেজে ওমরাহ সেবা বা মক্কা-মদিনায় থাকার ব্যবস্থা থাকবে না। তবে ভিসা নিয়ে সৌদি আরবে প্রবেশের পর এসব জায়গায় ভ্রমণ করা যাবে।

বুকিং বাতিল বা পরিবর্তনের নিয়ম সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

Home R3