বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও মানবিক সংকটের দিকে ইঙ্গিত করে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, মুসলমানরা বর্তমানে একটি কঠিন ও বেদনাদায়ক সময় পার করছেন। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় মুসলমানদের ঈমান ও ঐক্যের দিকে ফিরে আসা উচিত।
বুধবার (২৯ এপ্রিল) আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এরদোগান বলেন, “ফিলিস্তিন থেকে লেবানন, উপসাগরীয় অঞ্চল থেকে সুদান, সোমালিয়া থেকে ইয়েমেন, আমরা যেদিকেই তাকাই, দুর্ভাগ্যজনকভাবে অশ্রুর মুখোমুখি হচ্ছি।”
তিনি বলেন, “দোলনায় থাকা শিশুসহ নিরস্ত্র বেসামরিক মানুষদের নির্মমভাবে হত্যা করার এই কঠিন পরীক্ষার সময়ে, থাকথিত সভ্য বিশ্ব চোখ বন্ধ করে আছে।”
যারা তার ভাষায় দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের কথা অহংকারের সঙ্গে বলে এসেছে, তিন তাদের সমালোচনা করে বলেন, “আজ আমরা সবাই তাদের আসল চেহারা দেখতে পাচ্ছি।”
পরিস্থিতি মোকাবিলায় মুসলমানদের ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে একে অপরের প্রতি বিশ্বাস রাখা, আস্থা রাখা এবং পরস্পরকে সহযোগিতা করা ছাড়া আমাদের কোনো বিকল্প নেই।”
এরদোগান বলেন, অভ্যন্তরীণ বিভেদ দূরে রাখতে হবে।
তিনি বলেন, “মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব, বিভেদ, কলহ ও শত্রুতা, পাশাপাশি অপ্রয়োজনীয় ও অসময়ের বিতর্ক পরিহার করে এক দেহে পরিণত হওয়া।”
সূত্র: মিডল ইস্ট মনিটোর