ফিলিস্তিনে চলমান সহিংসতা নিয়ে মানবাধিকার সংস্থাগুলোর নীরবতার সমালোচনা করে আফগানিস্তান বিষয়ে অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশের অভিযোগ তুলেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধবিষয়ক মন্ত্রী মাওলানা খালিদ হানাফি।
সোমবার (১৩ জুলাই) হেরাত প্রদেশে এক সমাবেশে তিনি বলেন, হাজার হাজার ফিলিস্তিনি নারী ও শিশুর মৃত্যু হলেও অনেক মানবাধিকার সংস্থা এ বিষয়ে নীরব থাকে। অথচ আফগানিস্তানের ঘটনাগুলো তারা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করে।
খালিদ হানাফি অভিযোগ করেন, কিছু নির্বাসিত গোষ্ঠী মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে ভিত্তিহীন দাবি করছে এবং বিদেশি প্রভাবের অধীনে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, এসব গোষ্ঠী ভুয়া তথ্য ছড়িয়ে আফগান জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ আইন পবিত্র কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহর ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। এ আইনে শরিয়াহবিরোধী কোনো ধারা থাকলে তিনি নিজেই জবাবদিহি করতে প্রস্তুত বলেও উল্লেখ করেন।
খালিদ হানাফি দাবি করেন, এই আইন বাস্তবায়নের মাধ্যমে সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও মানুষের জীবনমান উন্নয়ন সম্ভব হবে এবং ইসলামি নীতিমালার মধ্যেই মানবাধিকার সুরক্ষিত রয়েছে।
সমাবেশে হেরাতের গভর্নর শায়খ নূর আহমদ ইসলামজার বলেন, ইমারাতে ইসলামিয়া পুরোপুরি শরিয়াহ বাস্তবায়নের দাবি না করলেও সে লক্ষ্যে কাজ করছে।
এদিকে, সভায় উপস্থিত ধর্মীয় আলেম ও গোত্রীয় প্রবীণরা সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধবিষয়ক পরিদর্শকদের সাধারণ মানুষের সঙ্গে সদয় ও সম্মানজনক আচরণ করার আহ্বান জানান।
সূত্র: তোলো নিউজ