২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রশিক্ষণে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন। আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে এই এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেছে। আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা সুবিধাজনক সময়ে ৪ মে ২০২৬ তারিখের কাছাকাছি পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবেন।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য মনোনীত কর্মকর্তারা হলেন— স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামাল হায়দার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু রায়হান মিয়া, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. ফিরোজ আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. তৌফিক ইমাম, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. রায়হান আখতার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ.এফ.এম. এহতেশামুল হক, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. শামসুল হক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুহাম্মদ আব্দুস সালাম, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মো. জিল্লুর রহমান এবং বিসিএস প্রশাসন একাডেমির এমডিএস (যুগ্ম সচিব) জিয়া আহমেদ সুমন।

সরকারি আদেশে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণের যাবতীয় ব্যয় পাকিস্তান সরকার বহন করবে। এ সফরের জন্য বাংলাদেশ সরকারকে কোনো আর্থিক ব্যয়ভার বহন করতে হবে না।

এছাড়া প্রশিক্ষণকাল ও যাতায়াতের সময়কে কর্মকালীন (অন ডিউটি) হিসেবে গণ্য করা হবে। কর্মকর্তারা তাদের বেতন ও ভাতাদি স্থানীয় মুদ্রায় গ্রহণ করবেন এবং অনুমোদিত সময়ের বেশি বিদেশে অবস্থান করতে পারবেন না।

প্রশিক্ষণ শেষে দেশে ফিরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে এবং পাঁচ কর্মদিবসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৈদেশিক প্রশিক্ষণ শাখায় প্রতিবেদন জমা দিতে হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদ উল্লাহ মারুফ স্বাক্ষরিত এই আদেশটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জনস্বার্থে জারি করা হয়েছে।