৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রবাসীদের জন্য বড় সুখবর

বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পরে মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আদেশ অনুযায়ী, মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ সেল গঠন করা হয়েছে।

মন্ত্রী জানান, মঙ্গলবার থেকেই এই সেল কার্যকর হয়েছে এবং প্রবাসীরা সরাসরি তাদের অভিযোগ জমা দিতে পারবেন। অভিযোগ গ্রহণের প্রক্রিয়ায় হোয়াটসঅ্যাপ সুবিধাও যুক্ত করা হবে বলে জানান তিনি।

সেলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— কল্যাণ অধিশাখার যুগ্মসচিব/উপসচিব, আইন শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব, সেবা ও প্রটোকল শাখার উপসচিব/সিনিয়র সহকারী সচিব এবং এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব। এনফোর্সমেন্ট-২ শাখার সিনিয়র সহকারী সচিব সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, [minister@probashi.gov.bd](mailto:minister@probashi.gov.bd) এবং [minister.expat@gmail.com](mailto:minister.expat@gmail.com) ই-মেইল ঠিকানায় প্রাপ্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এই সেল।

এছাড়া প্রাপ্ত অভিযোগ ও আবেদন এবং সেগুলোর ওপর গৃহীত পদক্ষেপ দৈনিক বা সাপ্তাহিক ভিত্তিতে মন্ত্রী ও সচিবের কাছে উপস্থাপন করা হবে বলে জানানো হয়েছে।

Home R3