দেশে ফেরার মাত্র ছয়দিন আগে ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রবাসী শহিদুল ইসলাম (৪৫)। চার বছর পর দেশে ফেরার প্রস্তুতি চলছিল তার, কিন্তু সেই প্রত্যাবর্তন আর বাস্তবে রূপ নেয়নি।
গত শনিবার (৬ জুন) সন্ধ্যায় ওমানের বেরুমি শহরে এ দুর্ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের আগামী শুক্রবার রাতে দেশে ফেরার টিকিট কাটা ছিল। দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে তিনি স্পন্সরের কাছ থেকে পাসপোর্ট সংগ্রহ করেন। পরে তিনি পাশের লুলু হাইপারমার্কেটে ভাগনীর জন্য চকলেট কিনতে যান।
কেনাকাটা শেষে বাসায় ফেরার উদ্দেশ্যে সড়কের পাশে দাঁড়িয়ে থাকাকালে একটি বেপরোয়া গাড়ি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
ঘাতক গাড়িটির চালক মিশরের নাগরিক বলে জানা গেছে। দুর্ঘটনার পর তাকে আটক করেছে ওমান পুলিশ।
নিহত শহিদুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের জমাদার গ্রামের মরহুম মুহাম্মদ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করছিলেন এবং বেরুমি শহরে একটি টেইলার্স ব্যবসা পরিচালনা করতেন।
নিহতের ছোট ভাই আজাদ বলেন, চার বছর পর দেশে ফেরার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছিলেন শহিদুল ইসলাম। তার ফেরার খবরে পুরো পরিবার আনন্দিত ছিল। হঠাৎ এ দুর্ঘটনার খবর পরিবারকে গভীর শোকে নিমজ্জিত করেছে।
ওমানে বসবাসরত তার মামা আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর মরদেহ বেরুমি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।