দেশের রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩২ বিলিয়ন ডলার

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভের পরিমাণ বেড়ে ৩৬ দশমিক ৩২ বিলিয়ন (তিন হাজার ৬৩২ কোটি ৩৯ লাখ) ডলারে দাঁড়িয়েছে। অন্যদিক আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩১ দশমিক ৪৬ বিলিয়ন (তিন হাজার ১৪৬ কোটি ৮৮ লাখ) ডলারে।

গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রিজার্ভের এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ২৭ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৩৬ বিলিয়ন ডলার। গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩১ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) চলতি বছরের জুলাই ও আগস্ট মাসের আমদানি বিল ১ দশমিক ৩৯ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছিল। সেই কারণে গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ হয়েছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী হয়েছিল ৩১ দশমিক ৪৭ বিলিয়ন ডলার। গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৭ দশমিক ৪০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ৩২ দশমিক ৪৯ বিলিয়ন ডলার।

Home R3