১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৪

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই একটি ট্রাকের পেছনে মুরগি বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৪টার দিকে সখীপুর-সাগরদীঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আবুল হাকিমের ছেলে নূরনবী (৬৪), নওগাঁর পত্নীতলা এলাকার পলাশের ছেলে রফিকুল (১৮), নেত্রকোনার কেন্দুয়ার এরশাদের ছেলে সাগর (২২) এবং ভোলার সেলিমের ছেলে সুমন (২৬)।

আহত ব্যক্তি হলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর এলাকার আফসার আলী মণ্ডলের ছেলে জহিরুল ইসলাম (৪০), তিনি ট্রাকের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশ বোঝাই ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকাগামী মুরগি বোঝাই পিকআপ ভ্যানটি এসে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চারজন নিহত হন এবং ট্রাকের একজন আহত হন।

পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

Home R3