তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য ‘ফিলিস্তিনের জন্য আলেমদের সম্মেলন’-এ আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নিচ্ছেন বাংলাদেশের চারজন শীর্ষ আলেম ও ইসলামি ব্যক্তিত্ব। আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ফিলিস্তিন ও কুদস ইস্যুতে আন্তর্জাতিক পর্যায়ে আলেমদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং জনসচেতনতা জোরদারের লক্ষ্যে সম্মেলনটির আয়োজন করেছে হাইআতু উলামা-ই ফিলিস্তিন (ফিলিস্তিনি আলেম সমিতি)।
সম্মেলনে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত বাংলাদেশি আলেমদের ভিসা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আমন্ত্রিতদের একজন ও জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আমন্ত্রিত অন্য আলেমরা হলেন—বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, রাজধানীর জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি মাওলানা হিফজুর রহমান এবং বাংলাদেশ মুসলিম কাউন্সিলের সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এছাড়া শিক্ষাবিদ অধ্যাপক আমিরুল ইসলামসহ বাংলাদেশ থেকে আরও কয়েকজনের অংশগ্রহণের কথা রয়েছে।
হাইআতু উলামা-ই ফিলিস্তিনের পক্ষ থেকে তুরস্কে বাংলাদেশ দূতাবাসে পাঠানো সুপারিশপত্রে জানানো হয়েছে, আলেমদের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং ফিলিস্তিন ও কুদস ইস্যুতে বৈশ্বিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশি আলেমদের অবদানও প্রশংসার সঙ্গে উল্লেখ করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্বের বিভিন্ন দেশের আলেমরা এ সম্মেলনে অংশ নেবেন। কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য তুরস্কের বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা পরিদর্শন এবং দেশটির ধর্মবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন রাখা হয়েছে।