১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

তীব্রতার সাথে একদিন লড়লেই বদলে যাবে পাকিস্তানের মানচিত্র : আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

তীব্রতার সাথে একদিন লড়লেই বদলে যাবে পাকিস্তানের মানচিত্র : আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানী পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আফগান জাতি সম্মিলিতভাবে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে লড়তে সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, দীর্ঘ দুই দশক ন্যাটোর বিরুদ্ধে আফগানরা যে তীব্র যুদ্ধ করেছে, সেই ধরনের মাত্র একদিনের যুদ্ধও যদি পাকিস্তানের বিরুদ্ধে চালানো হয়, তাহলে দেশটির মানচিত্র বদলে যাবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) খোস্ত প্রদেশে জুমার খুতবায় খলিফা সিরাজুদ্দিন হক্কানী এসব কথা বলেন।

খলিফা সিরাজুদ্দিন হক্কানী তার বক্তব্যে স্মরণ করিয়ে দেন, আফগানরা বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা ও ন্যাটোকে পরাজিত করেছে। তিনি বলেন, তাদের হাতে সর্বাধুনিক প্রযুক্তি ও অস্ত্র থাকলেও আফগানদের ইমানি শক্তি ও শাহাদাতের তামান্নার কাছে তারা পরাস্ত হয়েছে। সেই পরাশক্তিকে ধুলোয় মিশিয়ে দেওয়ার পর পাকিস্তানের মতো একটি দেশের সামরিক সক্ষমতা নিয়ে অহংকার দেখানো এবং আগ্রাসন চালানোর স্পর্ধারও তীব্র সমালোচনা করেন তিনি।

আফগান স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দিন হক্কানী বলেন, আফগানরা শান্তিকামী, কিন্তু তারা কখনোই কারও গোলামি বা আধিপত্য মেনে নেয় না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আফগানরা সম্মিলিতভাবে পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত। আমরা যদি ন্যাটোর বিরুদ্ধে পরিচালিত দীর্ঘ যুদ্ধের মতো মাত্র একটি দিনও পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করি, তবে আমরা পাকিস্তানের মানচিত্র সম্পূর্ণ বদলে দেব।

আগ্রাসনের কড়া জবাব দেওয়ার সতর্কবার্তার পাশাপাশি খলিফা সিরাজুদ্দিন হক্কানী প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সদিচ্ছার কথাও জানান। তবে তিনি স্পষ্ট করে বলেন, এ সম্পর্ক হতে হবে সমতা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। বিশেষ করে মুসলিম প্রতিবেশীদের সঙ্গে ইসলামী ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে সুসম্পর্ক চাইলেও, কেউ যদি এই সদিচ্ছাকে দুর্বলতা মনে করে, তাহলে স্বাধীন ও আত্মমর্যাদাশীল আফগান জাতি তাদের সেই ভুল ধারণা ভাঙিয়ে দিতে এক মুহূর্তও দ্বিধা করবে না।