২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা থেকে মনিটরিং হবে সারাদেশের এইচএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী

দেশব্যাপী এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই)। পরীক্ষাকে নকলমুক্ত রাখতে ঢাকা থেকে সারাদেশের সব কেন্দ্র মনিটরিং করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ে একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। এই সেল থেকে দেশের যেকোনো প্রান্তের পরীক্ষাকেন্দ্র সরাসরি পর্যবেক্ষণ করা যাবে।

তিনি আরও বলেন, প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওর্ন ক্যামেরা থাকবে, ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ করা সহজ হবে। মোট ৭৭টি বিষয়ে ২১ দিনে পরীক্ষা সম্পন্ন হবে। যেসব দিনে পরীক্ষা থাকবে না, সেসব দিনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম চলবে।

সংবাদ সম্মেলনের শুরুতে জানানো হয়, এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি মিলিয়ে মোট ১১টি বোর্ডে পরীক্ষার্থী সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদরাসা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষায় অংশ নেবে। মোট ছাত্র ৬ লাখ ২১ হাজার ৯৬৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৪৮ হাজার ৬১৪ জন।

এছাড়া, সারাদেশে মোট ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি।

Home R3