৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

টাকা অপচয় করে মেগা প্রকল্প করতে চায় না সরকার: সেতুমন্ত্রী

বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, যথাযথ বিশ্লেষণ ছাড়া বড় মেগা প্রকল্প গ্রহণ করে জনগণের অর্থ অপচয় করতে চায় না সরকার।

মঙ্গলবার (৫ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও-এ ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, কোনো প্রকল্পের লাভ কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না; এর সুফল যেন সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারে, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও জানান, প্রকল্প গ্রহণে বাস্তবসম্মত পরিকল্পনা এবং জনগণের করের টাকার সঠিক ব্যবহারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেন, বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি—এমন ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে, যা বাস্তব কাজের মাধ্যমে পরিবর্তন করতে হবে। তিনি সংশ্লিষ্টদের সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

প্রস্তাবিত ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্প বাস্তবায়িত হলে সাভার, কেরানীগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দর উপজেলার মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হবে। প্রায় ৩৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প ঢাকার যানজট নিরসন এবং উপশহরগুলোর মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।