কিছু অসাধু মহল জ্বালানি মজুত করে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে–এমন প্রমাণ সরকারের হাতে রয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
আজ শনিবার (১৮ এপ্রিল) সকালে চট্টগ্রামের ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
সড়কমন্ত্রী বলেন, দেশের পাম্পগুলোতে প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হয়েছে। ঘাটতির কোনো বাস্তব কারণ নেই।
তিনি আরও বলেন, ‘জ্বালানি খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ নিচ্ছে। বৈশ্বিক পরিস্থিতি সত্ত্বেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।’
এছাড়া হরমুজ প্রণালিতে থাকা ‘বাংলার জয়যাত্রা’ জাহাজ নিয়ে মন্ত্রী বলেন, ‘সমুদ্রগামী জাহাজ বাংলার জয়যাত্রার নাবিকেরা নিরাপদে রয়েছেন। জাহাজটির ৩৫ জন নাবিক সুস্থ আছেন এবং তারা দ্রুততম সময়ের মধ্যেই দেশে ফিরে আসবেন বলে আশা করছি।