১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জামিন পেলেন ইনু-মেনন-মানিক

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক-এর জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি শুনানি শেষে এ আদেশ দেন।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপকমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি ইনুকে গ্রেপ্তার দেখানোর আবেদনের পর আদালতে হাজির করা হয়। অপর দুই আসামি মেনন ও মানিককে হাজিরার জন্য আদালতে আনা হয়। শুনানি শেষে ইনুকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তিন আসামির পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে, গত ২১ জানুয়ারি এই মামলায় মেনন ও মানিককে গ্রেপ্তার দেখানো হয়। ২০২৪ সালের ২২ আগস্ট আইনজীবী জিয়াউল হক বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-কে তদন্তের নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে মানিক জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ হিসেবে উল্লেখ করেন। এছাড়া ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি দাবি করেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না।

এছাড়া, ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে ইনু ও মেননও জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।