জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, “আমাদের প্রধান লক্ষ্য এবং একমাত্র স্লোগান—‘সবার আগে বাংলাদেশ’। আমরা বিশ্বাস করি, ‘আমরা করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। এই মূলনীতিকে ধারণ করে আমরা দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে একটি সুদৃঢ় জাতীয় ঐক্যের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে চাই।”
মন্ত্রী আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশে জনগণ এক মুক্ত, স্বাধীন ও শান্তিপূর্ণ পরিবেশ উপভোগ করছে। এই স্বাধীন আবহেই দেশবাসী পরপর কয়েকটি উৎসবমুখর ঈদ উদযাপন করার সৌভাগ্য লাভ করেছে। তিনি দেশের অব্যাহত সমৃদ্ধি, শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সর্বাঙ্গীণ মঙ্গলের জন্য মহান আল্লাহর দরবারে সম্মিলিত প্রার্থনা করার আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। পরে তারা বনানী কবরস্থানে মরহুম আরাফাত রহমান কোকো এবং ডা. জুবাইদা রহমানের পিতার কবর জিয়ারত করেন। একইসঙ্গে তারা পিলখানা হত্যাকাণ্ডে নির্মমভাবে শাহাদাতবরণকারী বিডিআরের (বর্তমানে বিজিবি) বীর সামরিক কর্মকর্তা এবং অন্যান্য শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের কবর জিয়ারত ও রূহের মাগফিরাত কামনা করেন। এ সময় আমি-সহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।”
প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য সৈয়দ ইব্রাহিম আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।