১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে ঈদুল আজহার তারিখ ঘোষণা

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী বৃহস্পতিবার (২৮ মে) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

সোমবার (১৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

তিনি জানান, কক্সবাজারের আকাশে চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে জিলহজ মাস শুরু হবে এবং ২৮ মে দেশজুড়ে ঈদুল আজহা পালিত হবে।

এদিকে বিশ্বের বিভিন্ন দেশেও ঈদের তারিখ ঘোষণা করা হয়েছে। তুরস্ক ও ইন্দোনেশিয়া ১৭ মে ঈদের তারিখ ঘোষণা করে। পরে মালয়েশিয়া, পাকিস্তান ও ওমানসহ কয়েকটি দেশ ২৭ মে ঈদুল আজহা উদ্‌যাপনের সিদ্ধান্ত জানায়।

সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার পর সোমবার থেকে জিলহজ মাস শুরু হয়েছে এবং সেখানে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে।

বিশ্লেষকদের মতে, ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে বিভিন্ন দেশে ঈদের তারিখে একদিনের ব্যবধান দেখা গেছে।