৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

গত বছরে আফগানিস্তানে ৫০০টির বেশি উন্নয়ন প্রকল্প সম্পন্ন হয়েছে

আফগানিস্তানের গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, গত সৌর বছরজুড়ে (১৪০৪ হিজরি শামসি) সমগ্র দেশে ৫০০টির বেশি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা হুররিয়াত রেডিওকে জানান, এসব প্রকল্পে ব্যয় হয়েছে ১০০ কোটির বেশি আফগানি এবং ৫ লাখ ডলারেরও বেশি অর্থ।

মন্ত্রণালয় জানায়, প্রকল্পগুলোর মধ্যে ছিল পানি সরবরাহ নেটওয়ার্ক, সড়ক নির্মাণ, গভীর নলকূপ, প্রতিরক্ষা দেয়াল এবং ছোট বাঁধ নির্মাণ। এসব কাজ আফগানিস্তানের ১৪টি প্রদেশে বাস্তবায়ন করা হয়েছে।

এসব প্রকল্পের মাধ্যমে হাজার হাজার পরিবার উপকৃত হয়েছে এবং বিভিন্ন এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

উল্লেখ্য; ইমারাতে ইসলামিয়া পুনঃপ্রতিষ্ঠার পর থেকে সরকার সুষম উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে জনগণের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

সূত্র : হুররিয়াত রেডিও