১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কুয়েতে দুই বাসের মাঝে চাপা পড়ে বাংলাদেশি চালক নিহত

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে দুই বাসের মাঝখানে চাপা পড়ে মর্মান্তিকভাবে এক বাংলাদেশি বাসচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) দেশটির জিলিব আল-শুয়ুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আরব টাইমস।

প্রতিবেদন অনুযায়ী, নিহত বাংলাদেশি চালক তাঁর নিজের বাসটি নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে পরিদর্শনে নেমেছিলেন। বাসটি অন্য আরেকটি বাসের সামনে পার্ক করা ছিল। তিনি গাড়ি থেকে নেমে পেছনের অংশ পরীক্ষা করতে দুই বাসের মাঝখানে অবস্থান নেন। ঠিক সেই মুহূর্তে পেছনে থাকা অপর একটি বাস হঠাৎ চলতে শুরু করে। এতে দুই বাসের মাঝে আটকা পড়ে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, পেছনের বাসটির চালক ছিলেন ১৯৮১ সালে জন্মগ্রহণকারী এক ভারতীয় নাগরিক। দুর্ঘটনার পরপরই কুয়েতের স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাটি নথিভুক্ত করেছে। পরবর্তী তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

Home R3