৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

কুয়েতে আফগান দূতাবাস ইমারাতে ইসলামিয়ার কাছে হস্তান্তর

কুয়েতে আফগানিস্তানের দূতাবাস ইমারাতে ইসলামিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তোলো নিউজ।

সূত্রগুলোর তথ্যমতে, দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে শফিক খতিবকে নিয়োগ দেওয়া হয়েছে।

এর আগে শফিক খতিব আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক এবং বর্ডার অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক বিশ্লেষক ইদরিস মুহাম্মাদী জাজি বলেন, “সার্বভৌম রাষ্ট্রগুলোর দূতাবাস ও কনস্যুলেট পরিচালনার অধিকার রয়েছে। আর সরকারগুলো জনগণের কাছ থেকেই তাদের বৈধতা লাভ করে। কুয়েতে বসবাসরত আফগানদের কনস্যুলার ও কূটনৈতিক সেবা পাওয়া প্রয়োজন। সরকারের জন্য এই পদক্ষেপ আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়েও সহায়ক ভূমিকা রাখে।”

কুয়েতের পাশাপাশি রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান, ওমান ও কাতারসহ বেশ কয়েকটি দেশ ইমারাতে ইসলামিয়া নিয়োজিত কূটনীতিকদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে।

ইমারাতে ইসলামিয়ার তথ্যমতে, বর্তমানে বিদেশে তাদের ৪০টিরও বেশি কূটনৈতিক মিশন কার্যক্রম পরিচালনা করছে।

Home R3