১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কারাগার থেকে মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

কারাগার থেকে মুক্তি পেয়েছেন জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সিদ্দিক জানান, গত ১৮ মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান।

মুক্তির পর নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি বলেন, তার নামে দুটি মামলা রয়েছে এবং প্রায় ১০ মাস কারাগারে থাকার পর ভিন্ন এক অভিজ্ঞতা নিয়ে তিনি ফিরে এসেছেন। এ অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন বলেও উল্লেখ করেন তিনি।

সিদ্দিক আরও জানান, মুক্তির পর কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন এবং নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। দীর্ঘদিন এক ভিন্ন পরিবেশে থাকার পর স্বাভাবিক জীবনে ফিরে আসতে সময় লাগছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর গুলশান থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সামিউল ইসলাম গত বছরের ১২ আগস্ট তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই গুলশানের সুবাস্তু টাওয়ারের সামনে আন্দোলনে অংশ নেওয়া ফার্নিচারকর্মী পারভেজ বেপারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা মো. সবুজ গুলশান থানায় মামলা দায়ের করেন।