২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত হবে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত হবে বলে সরকার প্রত্যাশা করছে।

রোববার (২৪ মে) বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন শ্রমিকদের সঙ্গে এক সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, ঈদের আগে ও পরে মহাসড়কের পাশে কোনো ধরনের পশুর হাট বা বাজার বসতে দেওয়া হবে না, কারণ এতে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন মহাসড়কে চলমান সংস্কারকাজ দ্রুত এগিয়ে চলছে।

সভায় পরিবহন শ্রমিক নেতারা কালিয়াকৈরে একটি আন্তজেলা বাস টার্মিনাল নির্মাণের দাবি জানান। এ বিষয়ে মন্ত্রী বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা গেলে শ্রমিকদের যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রহমান রশীদ, সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মজিবুর রহমান, জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া, পুলিশ সুপার শরিফ উদ্দিন এবং পরিবহন খাতের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।