১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মুসলিম বিশ্ব

উর্দু পড়ানোকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষককে মারধর; বিজেপি নেতা গ্রেপ্তার

উর্দু পড়ানোকে কেন্দ্র করে স্কুলের প্রধান শিক্ষককে মারধর; বিজেপি নেতা গ্রেপ্তার

ভারতের তেলেঙ্গানা রাজ্যের নিজামাবাদ জেলার আরমুর শহরের বিজেপির টাউন সভাপতি মান্ডুলা বালুকে স্কুলের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) আরমুরের বিধায়ক পাইডি রাকেশ রেড্ডির সঙ্গে সংশ্লিষ্ট আনকাপুর এলাকার একটি গেস্ট হাউস থেকে বালুকে গ্রেপ্তার করা হয়।

অভিযোগ অনুযায়ী, একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ভারত চন্দ্র হাই স্কুলে উর্দু ভাষা শেখানো নিয়ে তর্কের একপর্যায়ে বালু স্কুলের প্রধান শিক্ষক আমির খানকে মারধর ও গালিগালাজ করেন। এ ঘটনায় স্কুলের প্রতিনিধি মাল্লাইয়া অভিযোগ দায়ের করলে পুলিশ তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় মামলা করে।

এদিকে, একই ঘটনায় স্কুলের বিরুদ্ধে চলা আন্দোলনে যোগ দিতে হায়দরাবাদ থেকে যাওয়ার পথে আরমুরের বিধায়ক পাইডি রাকেশ রেড্ডিকেও ভিকনুর এলাকায় পুলিশ আটক করে। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাকে কামারেড্ডি এমএলএ ক্যাম্প অফিসে নিয়ে যাওয়া হয়।

দুই দিন আগে এ বিতর্কের শুরু হয়। কয়েকজন অভিভাবক ও হিন্দু সংগঠনের দাবি, স্কুলটিতে হিন্দু শিক্ষার্থীদের উর্দু ভাষা ও নামাজ শেখানো হচ্ছে। এ অভিযোগে বিজেপির নেতাকর্মীরা আরমুরে বিক্ষোভ করেন এবং পৌর শিক্ষা কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দিয়ে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনার তদন্ত এখনও চলছে বলে জানা যায়।

সূত্র : মুসলিম মিরর

Home R3