২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইরান চুক্তির নথি দেখতে চেয়েছিল ইসরাইল, প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্মারকের নথি পর্যালোচনার জন্য ইসরাইলের করা অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র—এমন দাবি করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। ফলে চুক্তিটির পূর্ণাঙ্গ বিষয়বস্তু সম্পর্কে এখনো অন্ধকারে রয়েছে ইসরাইল।

ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২-এর বরাতে আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইলি কর্মকর্তারা ওয়াশিংটনের কাছে সমঝোতা স্মারকটি দেখার সুযোগ চেয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র সেই অনুরোধ নাকচ করে দেয়।

প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডে স্বাক্ষরের অপেক্ষায় থাকা এই চুক্তির পূর্ণ বিবরণ এখনো জানে না ইসরাইল।

তবে বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছে, তেল আবিব যুক্তরাষ্ট্রের আলোচক দলের কাছে এমন কোনো অনুরোধই জানায়নি।

অন্যদিকে এক মার্কিন কর্মকর্তা এ প্রতিবেদনকে ‘ভুল’ উল্লেখ করে বলেন, পুরো আলোচনা প্রক্রিয়াজুড়ে ওয়াশিংটন তার আঞ্চলিক অংশীদারদের সঙ্গে, বিশেষ করে ইসরাইলের সঙ্গে, ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখেছে।

এদিকে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চুক্তির নথির প্রতিটি শব্দ পর্যালোচনা করবেন। তবে এর পূর্ণাঙ্গ বিষয়বস্তু কবে প্রকাশ করা হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি।

চ্যানেল ১২-এর তথ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকে ১৪টি ধারা থাকতে পারে। ইরানি গণমাধ্যমের বরাতে বলা হয়েছে, এসব ধারার মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার, হরমুজ প্রণালী-তে নৌ চলাচলের বিধিনিষেধ প্রত্যাহার, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দকৃত সম্পদ মুক্ত করার বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।

ট্রাম্প আরও জানান, জেনেভায় চুক্তিটি স্বাক্ষরিত হওয়ার পরপরই হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা হতে পারে। তবে এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরান—কোনো পক্ষই চুক্তির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করেনি।

সূত্র: আনাদোলু এজেন্সি

Home R3