পর্তুগালে বসবাসরত বাংলাদেশিদের অংশগ্রহণে লিসবন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এক আনন্দ ভ্রমণ ও শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। ভ্রমণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনায় প্রবাসী কমিউনিটির ঐক্য ও দেশের সুনাম রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির নেতা আবু নাঈম মু শহীদুল্লাহ বলেন, ইউরোপে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে প্রবাসীদের দলীয় রাজনীতি পরিহার করা অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, পর্তুগালে বাংলাদেশিদের বসবাস প্রায় তিন যুগেরও বেশি সময় ধরে এবং দীর্ঘদিন ধরে এখানে একটি মর্যাদাপূর্ণ পরিচয় গড়ে উঠেছিল।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে অভ্যন্তরীণ কোন্দল, দলীয় বিরোধ এবং একে অপরকে ঘায়েল করার প্রবণতা প্রবাসী সমাজে অশান্তি সৃষ্টি করছে। দলীয় স্লোগান ও সংঘাতপূর্ণ কর্মকাণ্ড ইউরোপীয় গণমাধ্যমে বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে বলেও তিনি মন্তব্য করেন।
আবু নাঈম মু শহীদুল্লাহ আরও বলেন, দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে সকল সচেতন ও শান্তিপ্রিয় প্রবাসী বাংলাদেশিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং অপ্রয়োজনীয় বিরোধ এড়িয়ে চলতে হবে।
লিসবন শিল্পীগোষ্ঠীর এই শিক্ষা সফরে কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন কমিউনিটি নেতা রাজিব আল মামুন, CRCIPT-এর সভাপতি হাফেজ মোস্তাফিজুর রহমান, কমিউনিটি নেতা মো. মোশারফ হোসাইন এবং লিসবন শিল্পীগোষ্ঠীর পরিচালক এ এস এম জাবেদ সরকার।
আয়োজকদের তথ্যমতে, চারটি বাসে করে প্রায় ২২০ জন প্রবাসী বাংলাদেশি এই শিক্ষা সফরে অংশ নেন। এই আয়োজন প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন জোরদারে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।