১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আলজেরিয়ায় এতিমখানায় আগুন লেগে ১১ জনের মৃত্যু

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলীয় মোহাম্মাদিয়া এলাকায় একটি শিশু কল্যাণকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা বিভাগ ও স্থানীয় গণমাধ্যম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের রাষ্ট্র পরিচালিত প্রতিষ্ঠানটিতে আগুনের সূত্রপাত হয়। প্রতিষ্ঠানটি এতিম, পরিত্যক্ত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন, চিকিৎসা ও সামাজিক সহায়তা প্রদান করে থাকে।

আলজেরিয়ার সিভিল প্রোটেকশন সংস্থার তথ্য অনুযায়ী, আগুনে দগ্ধ হয়ে অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত গুরুতর সমস্যায় পড়েন আরও কয়েকজন। আহতদের মধ্যে সাতজন মানসিক আঘাতজনিত চিকিৎসাও নিচ্ছেন। উদ্ধারকর্মীরা বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছেন এবং উদ্ধারকর্মীরা ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের ভেতরে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন। এক শোকবার্তায় তিনি নিহত শিশুদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব রাজধানীর মুস্তাফা পাশা বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং তাদের চিকিৎসা কার্যক্রম তদারকি করেন।

অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Home R3