আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকি বলেছেন, জাতিসংঘে প্রতিনিধিত্ব করার অধিকার আফগান জনগণের রয়েছে।
মঙ্গলবার (১৯ মে) জাতিসংঘে আফগানিস্তানবিষয়ক সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর প্রধান জর্জেট গ্যাগননের সাথে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।
আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে আসন্ন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আফগানিস্তানবিষয়ক সভাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় মাওলানা মুত্তাকি বলেন, জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় আফগানিস্তানের অংশগ্রহণ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক জোরদার ও সম্প্রসারণের জন্য গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, গ্যাগনন আফগানিস্তানের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানো এবং বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ মানবিক সহযোগিতা বাড়ানো, পারস্পরিক যোগাযোগ শক্তিশালী করা এবং যৌথ কর্মকমিটির মাধ্যমে সমন্বয় উন্নত করার বিষয়েও গুরুত্ব দেয়।
সূত্র : আরিয়ানা নিউজ