১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগান বাহিনীকে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করা হচ্ছে: মাওলানা ইয়াকুব

আফগানিস্তানের সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রযুক্তি এবং উন্নত সরঞ্জামে সজ্জিত করার জন্য ইমারাতে ইসলামিয়া জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ।

বুধবার (১৯ আগস্ট) কাবুলে আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে আফগানিস্তানের স্বাধীনতা পুনরুদ্ধারের ১০৭তম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দেশটির স্বাধীনতা পুনরুদ্ধারের ঐতিহাসিক এই দিনে আফগানদের বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান মাওলানা ইয়াকুব। তিনি বিরোধীদের কোনো ধরনের প্রচারণার শিকার না হতে জনগণের প্রতি অনুরোধ জানান।

বক্তব্যে তিনি বলেন, কিছু পক্ষ আন্তর্জাতিক মহলে আফগানিস্তানকে অন্য দেশগুলোর জন্য হুমকি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, যা সত্য নয়। মাওলানা ইয়াকুব জোর দিয়ে বলেন, “আফগানিস্তানে বর্তমানে একটি দায়িত্বশীল সরকার রয়েছে। এই সরকার শুধু নিজের ভূখণ্ড রক্ষায় কাজ করছে না, বরং আফগান মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে যেন কোনো হুমকি সৃষ্টি না হয়, সেটিও নিশ্চিত করছে।”

তিনি বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আফগানরা কারও কাছে মাথা নত করবে, এমন আশা করা ভুল। একইভাবে, নিজেদের ইচ্ছা ও নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানের ওপর নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা, কিংবা দেশটির রাজনীতি, অর্থনীতি ও সামরিক উন্নয়ন নিজেদের মতো করে পরিচালনার চেষ্টা করাও উচিত নয়।

আফগানিস্তানের পররাষ্ট্রনীতি স্পষ্ট করে প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আফগানিস্তানের কোনো রাষ্ট্রের ওপর হামলা চালানোর ইচ্ছা নেই এবং আমরা অন্য কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়েও হস্তক্ষেপ করি না। কারণ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা ইমারাতে ইসলামিয়ার নীতির অংশ নয়।”

একই সঙ্গে মাওলানা ইয়াকুব মুজাহিদ কঠোরভাবে স্মরণ করিয়ে দেন যে, নিজস্ব নীতি, দেশ, দ্বীন এবং আকিদা রক্ষা করার পূর্ণ অধিকার আফগানিস্তানের রয়েছে এবং এ বিষয়ে তারা আপসহীন।

Home R3