আফগানিস্তানের হেরাত প্রদেশের শিল্পনগরীতে ৩ কোটি মার্কিন ডলার বিনিয়োগে নির্মিত ‘ডিম ফার্মা’ নামের একটি বৃহৎ ঔষধ উৎপাদন কারখানার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে স্থাপিত এই কারখানা চালুর মধ্য দিয়ে দেশটির ঔষধ শিল্পে এক নতুন দিগন্তের সূচনা হলো।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ হাজার ৫০০ বর্গমিটার আয়তনের এই উৎপাদনকেন্দ্রে কঠিন, তরল ও অর্ধতরল—এই তিন শ্রেণিতে প্রায় ৩০০ ধরনের প্রয়োজনীয় ঔষধ উৎপাদন করা হবে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করে আমদানিনির্ভরতা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনাই এই প্রকল্পের মূল লক্ষ্য।
কারখানাটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর মাধ্যমে স্থানীয় পর্যায়ে প্রায় ২০০ মানুষের সরাসরি কর্মসংস্থান তৈরি হয়েছে। এ ছাড়া সরবরাহ ও বিপণনসহ সংশ্লিষ্ট অন্যান্য খাতে পরোক্ষভাবে আরও এক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আফগানিস্তানের স্বাস্থ্য খাতকে স্বাবলম্বী করা এবং সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে মানসম্মত জীবনরক্ষাকারী ঔষধ পৌঁছে দিতে এ ধরনের আধুনিক শিল্প কারখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় শিল্পের বিকাশ ও সামগ্রিক অর্থনীতিকে শক্তিশালী করতেও এই প্রকল্প কার্যকর অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।