২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আফগানিস্তানে ভয়াবহ বন্যায় গত দুই দিনে অন্তত ২৮ জন নিহত

আফগানিস্তানে গত দুই দিনে ভয়াবহ বন্যায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১০ জন। দেশটির জাতীয় দুর্যোগ প্রস্তুতি কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

শনিবার (২৩ মে) আফগান সংবাদমাধ্যম তোলো নিউজে প্রকাশিত এক সংবাদ থেকে এ তথ্য জানা যায়।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি সৌর বছরের হামাল মাসের ৬ তারিখ থেকে এখন পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সারা দেশে মোট ২৮৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ৩৫৪ জন।

সাম্প্রতিক বন্যায় প্রায় ৯ হাজার ঘরবাড়ি আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়েছে। এতে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতিও হয়েছে।

জাতীয় দুর্যোগ প্রস্তুতি কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ হামাদ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দিতে সব প্রাদেশিক দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে দেশটির পরিবহন ও বিমান চলাচল মন্ত্রণালয়ের আবহাওয়া বিভাগ আগামী কয়েক দিন আরও বৃষ্টি ও নতুন করে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে।

আবহাওয়া বিভাগের প্রধান মোহাম্মদ নাসিম মোরাদি বলেন, দেশের উত্তর, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় আজ ও আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ১০ থেকে ৩০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বাগলান প্রদেশে বন্যার কারণে ফাইবার অপটিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে টেলিযোগাযোগ সেবায় বিঘ্ন ঘটছে।

ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বলছেন, বন্যার কারণে তাদের জীবনযাত্রা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

বাগলানের বাসিন্দা খায়ের মোহাম্মদ বলেন, ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে মানুষের পাশাপাশি গবাদিপশুরও ব্যাপক ক্ষতি হয়েছে।

বাদাখশানের বাসিন্দা গাফুর বলেন, বন্যায় ঘরবাড়ি, সড়ক ও কৃষিজমির বড় ধরনের ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারের সহযোগিতা কামনা করেন।

পরিবেশ বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তন, অতিবৃষ্টি এবং মানসম্মত পানি ব্যবস্থাপনার অভাব আফগানিস্তানে বারবার প্রাণঘাতী বন্যার অন্যতম প্রধান কারণ।

সূত্র : তোলো নিউজ