আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি ক্বারী আবু রায়হান সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। হামলার পর তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্বারী আবু রায়হানের ছেলে মাওলানা ইফতেখার জামিলের দেওয়া এক পোস্টে এসব তথ্য জানা যায়।
ইফতেখার জামিল জানান, হামলায় তার বাবা গুরুতর আহত হয়েছেন এবং তাঁর রানের হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ইফতেখার জামিলের ভাষ্যমতে, মুশারফ ও আলম নামের দুজনসহ কয়েকজন ব্যক্তি এ হামলার সঙ্গে জড়িত। ঘটনার পরও অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে, ফলে পরিবার ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এমনকি আবু রায়হানের এক ভাইয়ের ওপরও হামলার চেষ্টা করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, গুন্ডারা জামাতের রাজনীতির সাথে যুক্ত, একজন রোকনও আছেন। স্থানীয় জামাতের এমপিকে জানানো হলেও তিনি কোন ব্যবস্থা নেননি, সময় ক্ষেপণ করছেন।
তিনি অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।