৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হজযাত্রীদের ওষুধ বহনে সৌদির নতুন নিয়ম

হজ পালন উপলক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখো মুসল্লি সৌদি আরবে সমবেত হন। হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি (এসএফডিএ)।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, বিশেষ ক্যাটাগরির ওষুধ সঙ্গে নিতে হলে হজযাত্রীদের আগেই অনুমতিপত্র সংগ্রহ করতে হবে এবং নির্ধারিত কিছু নথি জমা দিতে হবে।

নতুন নিয়ম অনুযায়ী, হজযাত্রীদের সৌদি কর্তৃপক্ষের ইলেকট্রনিক কন্ট্রোলড ড্রাগস সিস্টেম (সিডিএস)-এ ব্যক্তিগত ট্রাভেলার অ্যাকাউন্ট খুলে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে পাসপোর্টের কপি, গত ছয় মাসের মধ্যে ইস্যু করা বৈধ মেডিকেল প্রেসক্রিপশন বা রিপোর্ট এবং ওষুধের মোড়কের পরিষ্কার ছবি জমা দিতে হবে।

এসএফডিএ জানায়, হজযাত্রীরা তাদের অবস্থানের সময়কাল অনুযায়ী ওষুধ বহন করতে পারবেন, তবে তা সর্বোচ্চ ৩০ দিনের বেশি হবে না। অর্থাৎ, কেউ যদি ১৫ দিনের জন্য অবস্থান করেন, তবে তিনি ১৫ দিনের প্রয়োজনীয় ওষুধই সঙ্গে নিতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষের মতে, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা, জনস্বাস্থ্য সুরক্ষা বজায় রাখা এবং পবিত্র স্থানগুলোতে নিয়ন্ত্রিত ওষুধের ব্যবহার তদারকি করাই এই নতুন নিয়মের মূল উদ্দেশ্য।