প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বিচ্ছেদ বা ‘ডিভোর্স’ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ।
সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১২তম দিনে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জিএম সিরাজ বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের বিচ্ছেদ সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশ ও ভারত ভৌগোলিকভাবে পরস্পরের প্রতিবেশী—এ সম্পর্ক অস্বীকার করার সুযোগ নেই।
তিনি বলেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক বজায় রাখা সবারই কাম্য। এ সম্পর্ক যেন সাময়িক বা ক্ষণস্থায়ী না হয়, সে দিকেও গুরুত্বারোপ করেন তিনি।
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনারের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, নতুন হাইকমিশনার বন্ধুত্বের বার্তা দিলেও দেশে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। এর কারণ অনুসন্ধানের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
‘পুশ-ইন’ বা ‘পুশ-ব্যাক’ প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে এ ধরনের কার্যক্রম বন্ধ হওয়া উচিত। তিনি ভারতের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুই দেশের জনগণের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মাধ্যমে পারস্পরিক আস্থা বৃদ্ধি করা প্রয়োজন।
এ সময় তিনি মাদক সমস্যার কথাও তুলে ধরেন। তিনি বলেন, মাদক একটি ভয়াবহ সমস্যা হিসেবে দেশের যুবসমাজ ও বিভিন্ন শ্রেণির মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। এ সমস্যা মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।