দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে বর্তমান সরকার উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার হরণের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের কেবল রেমিট্যান্স যোদ্ধা আখ্যা দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয়ে যায় না; বরং তাঁদের নাগরিক অধিকার নিশ্চিত করাই সরকারের মূল দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার খর্বের কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না। প্রবাসীদের ভোট বন্ধ করার উদ্যোগ নেওয়া হলে তা স্পষ্টতই তাঁদের ওপর জুলুম করা হবে।
মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, সেখানে যেন চতুর্থবারের মতো অচলাবস্থা তৈরি না হয়, সে জন্য যেকোনো মূল্যে শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙতে হবে। বিরোধী দল ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের বিজয় চায়। সংসদ এবং রাজপথ—উভয় স্থানেই জনস্বার্থবিরোধী ও অন্যায় আইনের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলব আমরা।
ডিজিটাল নিরাপত্তা আইনের কঠোর সমালোচনা করে বিরোধীদলীয় নেতা আরও বলেন, এই আইন যদি জনগণের ন্যায়সংগত কণ্ঠরোধ ও মুখ বন্ধ করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তবে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।