২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি পৌঁছেছেন সাড়ে ৩৪ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ৩৪ হাজার ৫৫০ জন বাংলাদেশি হজযাত্রী। শনিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত এ তথ্য জানিয়েছে হজ বুলেটিন।

হজ বুলেটিন অনুযায়ী, এ সময়ের মধ্যে দুইজন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম এবং জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মণ্ডল। দুজনই মক্কা-এ ইন্তেকাল করেন।

তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় এখন পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৩ হাজার ২৮৪ জন হজযাত্রী। অন্যদিকে বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে গেছেন ৩১ হাজার ২৬৬ জন।

হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইনস ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৬টি ফ্লাইটে ১৪ হাজার ৯১৬ জন, সৌদি এয়ারলাইনস ৩২টি ফ্লাইটে ১২ হাজার ৮৫ জন এবং ফ্লাইনাস ১৮টি ফ্লাইটে ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী পরিবহন করেছে।

উল্লেখ্য, চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে।