২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদিতে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত পরিচালিত সমন্বিত অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ৪৩৭ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৫৪২ জন রয়েছেন।

এছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৬২ শতাংশ ইথিওপিয়ার, ৩৭ শতাংশ ইয়েমেনের এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার সময় আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৮ জনকেও আটক করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিযানের অংশ হিসেবে ১৩ হাজার ২৫১ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ১৭ হাজার ৭৪৭ জনকে ভ্রমণ নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৬ হাজার ১১৩ জনকে দেশে ফেরার প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ২৮ হাজার ৫৫৭ জন পুরুষ ও ১ হাজার ৯৮৯ জন নারীসহ মোট ৩০ হাজার ৫৪৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে দেশে প্রবেশে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এ বিষয়ে বারবার সতর্কবার্তা দিয়ে আসছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, সৌদি আরবে বর্তমানে প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের বসবাস, যার মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী শ্রমিক রয়েছেন।

সূত্র: গালফ নিউজ।

Home R3