২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী

পবিত্র হজ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব-এ পৌঁছাতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত মোট ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। এর মধ্যে দুজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়-এর হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদিতে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ২২ হাজার ৫২৬ জন। এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালনা করেছে ১৬টি ফ্লাইট।

ফ্লাইটভিত্তিক যাত্রীদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাসে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।

এদিকে, ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল এবং ২২ এপ্রিল টাঙ্গাইলের মো. আবুল কাশেম মৃত্যুবরণ করেন। এ নিয়ে সৌদি আরবে গিয়ে মোট দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিচ্ছেন।