লালমনিরহাট-এর পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে গরু ছিনতাইয়ের চেষ্টাকে কেন্দ্র করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকালে জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি সীমান্তের ৮৭৩ নম্বর পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত এলাকায় বাংলাদেশি মালিকানাধীন গরু ঘাস খাচ্ছিল। এ সময় বিএসএফ সদস্যরা সেখানে এসে দুই নারীকে বাধা দেন এবং একপর্যায়ে গরুগুলোর দড়ি কেটে ভারতের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে নারীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে বাধা দেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুই দেশের মানুষ জিরো পয়েন্টে মুখোমুখি অবস্থান নেয়। বিএসএফ সদস্যরা অস্ত্র উঁচিয়ে তেড়ে এলে উত্তেজনা আরও বাড়ে। পরে বিজিবি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গরুর মালিক সিরাজুল ইসলাম জানান, তার গরুগুলো সীমান্তে ঘাস খাওয়ার সময় বিএসএফ জোরপূর্বক নিয়ে যেতে চাইলে এলাকাবাসী প্রতিরোধ গড়ে তোলে।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, গরু নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা সৃষ্টি হলেও বিজিবির দ্রুত পদক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ মোতায়েন করা হয়েছিল এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ঘটনায় বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হবে।