৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

শরিয়াহভিত্তিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শরিয়াহভিত্তিক ইসলামি রাষ্ট্র বাংলাদেশের মানুষের চাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি অভিযোগ করেন, জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক দল নয়, বরং একটি রেজিমেন্টেড রাজনৈতিক সংগঠন, যারা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াত একটি লক্ষ্য সামনে রেখে কাজ করছে। তারা শরিয়াহভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। দেশের মানুষ উদারপন্থি রাজনীতি চায়।

তিনি দাবি করেন, আমরা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সরিয়েছি। কিন্তু এখন আবার ধর্মভিত্তিক একটি রাজনৈতিক শক্তি সামনে এসেছে, যাদের মোকাবিলা করতে হবে।

১৯৭১ সালের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যারা স্বাধীনতাকে বিশ্বাস করেনি, তারা এখন মানুষকে বিভ্রান্ত করছে এবং ধর্মপ্রাণ মানুষকে ভুল বুঝিয়ে ভোটব্যাংক তৈরির চেষ্টা করছে।

ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেই বসবাস করে। ধর্মে বিশ্বাস মানেই ধর্মান্ধতা নয়।

‘জুলাই সনদ’ প্রসঙ্গে তিনি বলেন, সনদের প্রতিটি পাতায় স্পষ্টভাবে উল্লেখ আছে কোন দল কী মেনেছে আর কী মানেনি। নির্বাচনে বিজয়ী দলের ইশতেহার অনুযায়ীই দেশ পরিচালিত হবে, আর সেই ম্যান্ডেট আমরা পেয়েছি।

তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের বিষয়ে আমরা সংসদে আলোচনার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তারা সেখানে না গিয়ে রাস্তায় আন্দোলন করছে, অথচ জনগণের তেমন সমর্থন দেখা যাচ্ছে না।

নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, হতাশ হওয়ার কিছু নেই। আমরা সবসময় আশা নিয়ে এগোব। বিএনপি কখনো পরাজিত হয়নি, ভবিষ্যতেও হবে না।

Home R3