বিদ্যমান এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। এজন্য ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরবর্তীতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নতুন এ আইনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো বিদ্যমান র্যাব বিলুপ্ত করে সম্পূর্ণভাবে পুলিশ বাহিনীর অধীনে ‘এসআরবি’ প্রতিষ্ঠা করা। নাগরিকদের অভিযোগ এবং এই ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ ক্ষোভ ও সমস্যা নিষ্পত্তির লক্ষ্যে আইনে একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিদ্যমান র্যাবের সমস্ত জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, আর্থিক হিসাব, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট যাবতীয় সম্পদ নবগঠিত এসআরবি-এর কাছে স্থানান্তরিত হবে। এ ছাড়া নতুন কোনো বিধিমালা প্রণীত না হওয়া পর্যন্ত র্যাবের বিদ্যমান বিভাগীয় কার্যধারা সংক্রান্ত বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ কার্যকর থাকবে।