রাশিয়ার সঙ্গে ১০ কোটি ৩০ লাখ ডলার মূল্যের ১৫টি অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের বেসরকারি খাত। এসব চুক্তির আওতায় দুই দেশের মধ্যে ওষুধ, খাদ্যপণ্য ও কৃষিপণ্য আমদানি-রপ্তানিসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারিত হবে।
অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার এবং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুকের উপস্থিতিতে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, আফগানিস্তানে ওষুধ, গম, ময়দা ও ভোজ্যতেল আমদানির পাশাপাশি দেশটির তাজা ফল, বিশেষ করে ডালিম রাশিয়ায় রপ্তানির ক্ষেত্রে দুই দেশ সহযোগিতা করবে।
এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাও এসব চুক্তির অন্যতম প্রধান লক্ষ্য।
কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তিগুলোর ফলে দুই দেশের মধ্যে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম আরও সহজ হবে।