২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চুরির একটি অভিনব ঘটনার কথা তুলে ধরেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (১৯ জুন) বিকালে মোহাম্মদপুরে এক উন্মুক্ত টাউন হল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিতে তিনি ব্যক্তিগত উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন। তবে দুঃখজনকভাবে ৪৮ ঘণ্টার মধ্যেই সেই ক্যামেরাগুলো চুরি হয়ে যায়।

তিনি আরও বলেন, মোহাম্মদপুরে চাঁদাবাজি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে, যা নাগরিক নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করছে।

ববি হাজ্জাজ উল্লেখ করেন, সম্প্রতি তার এক সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন।

এ পরিস্থিতি মোকাবিলায় তিনি কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর ওপর গুরুত্বারোপ করেন। তার ভাষ্য অনুযায়ী, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি কমিটি গঠন করা হবে এবং দ্রুতই এ কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে, তবে দীর্ঘমেয়াদে নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক ও সমন্বিত ব্যবস্থার প্রয়োজন।

প্রতিমন্ত্রী আরও বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি বা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের যৌথ উদ্যোগ অব্যাহত থাকবে।

Home R3