২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল : জামায়াতের আরেক এমপির দাবি

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্কের মধ্যে এবার আরেক তথ্য দিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আব্দুল খালেক। বলেছেন, ‘সেই তরুণী নিজেই আজীবন এমপি গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকার চরম আবদার করেছিলেন।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় মুহাদ্দিস আব্দুল খালেককে সংবর্ধনা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনি জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা অঞ্চল পরিচালক।

অনুষ্ঠানে ভাইরাল ভিডিও ও বিতর্কিত বিয়ে নিয়ে আব্দুল খালেক বলেন, ‘এমপি সাহেবের বড় ওয়াইফসহ সবাইকে আমরা ডেকে নিয়ে বসার পর ওই মেয়েটি আবদার করলো— “আমি অন্য জায়গায় বিয়ে করব না, আমি যতদিন বাঁচব এমপি সাহেবকে সেবা করে যাব।” এভাবেই মেয়েটির অগাধ দাবির মুখে তার মা-বাবা বাধ্য হয়ে তাদের বাড়িতে পরিবারের বিবাহের ব্যবস্থা করছে। কিন্তু কাজটা হয়েছে অসামাজিক, অনৈতিক না, অসামাজিক। এই অসামাজিক কাজের কারণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এমপি সাহেবের সংগঠন থেকে সম্পূর্ণ তাকে বহিষ্কার করে দেয়া হয়েছে। বহিষ্কার করা হয়েছে, তার এমপি পদও বাতিল হয়ে গেছে। অতএব জামায়াতে ইসলামী নৈতিক ব্যাপারে এবং যেটা হওয়া উচিত সেই ব্যাপারে যদি কেউ স্লিপ করে, সে ব্যাপারে কাউকে ক্ষমা করে না।’

Home R3